
দিরাই প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রফিনগর এলাকায় অবস্থিত রওশন আরা চৌধুরী দারুস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে নারীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার হলরুমে আয়োজিত এই সেমিনারে মাদ্রাসা, স্কুলসহ বিভিন্ন গ্রামের প্রায় শতাধিক মেয়ে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনারের উদ্বোধন করেন প্রতিষ্ঠান ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য মুফতি কাউসার আহমদ। তিনি তার বক্তব্যে নারীদের স্বাস্থ্য সচেতনতার গুরুত্ব তুলে ধরে বলেন, সুস্থ নারীই পারে একটি সুস্থ পরিবার ও সমাজ গঠনে ভূমিকা রাখতে।
সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত গাইনি বিশেষজ্ঞ নার্স জনাবা নার্গিস আক্তার। তিনি নারীদের শারীরিক স্বাস্থ্য, পরিচ্ছন্নতা, পুষ্টি ও দৈনন্দিন স্বাস্থ্যবিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠান শেষে নারীদের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হয়। আয়োজকরা জানান, নারীদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। অংশগ্রহণকারীরা এই উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী ও উপকারী বলে অভিমত প্রকাশ করেন।
















Leave a Reply