সিলেট ব্যাংক কর্মকর্তার বাসায় সশস্ত্র হামলা, গুরুতর আহত ১

সিলেটে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এক কর্মকর্তার বাসায় হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেছে একদল দুর্বৃত্ত। ব্যাংক থেকে কাঙ্ক্ষিত বড় অংকের ঋণ না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে যুবদল ও স্বেচ্ছাসেবক দল কর্মীদের নেতৃত্বে এই হামলা চালানো হয়। আহত কর্মকর্তার নাম মোঃ রেজাউর রহমান মিতুল, যিনি ব্যাংকটির জিন্দাবাজার শাখায় ক্রেডিট ইনচার্জ হিসেবে কর্মরত। গত মঙ্গলবার গভীর রাতে শিবগঞ্জ এলাকার সোনারপাড়ায় এই ঘটনা ঘটে।

জানা যায়, যুবদল কর্মী আব্দুল মুকিত শাহান গত এক মাস ধরে কোনো জামানত ছাড়াই জোরপূর্বক ৫ কোটি টাকা ব্যাংক ঋণ নিতে মিতুলকে নানাভাবে চাপ দিচ্ছিলেন। লোন দিতে অস্বীকৃতি জানালে শাহান মিতুলকে ক্রমাগত হুমকি দিতে শুরু করেন। এই হুমকির জের ধরে মঙ্গলবার গভীর রাতে শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাকারিয়া আহমেদের নেতৃত্বে একদল সন্ত্রাসী মিতুলের বাসায় হামলা করে।

হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে মিতুলকে মারাত্মকভাবে জখম করে এবং ঘরের আসবাবপত্র ভাংচুর ও লুটপাট চালায়। হামলার আগে মিতুল নিরাপত্তা চেয়ে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর ১৮৬০) দায়ের করেছিলেন। পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করছে। মারাত্মকভাবে আহত মিতুল বর্তমানে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার পর মিতুল ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল মুকিত শাহান ও জাকারিয়া আহমেদের মতো রাজনৈতিক মদদপুষ্ট ব্যক্তিরা এলাকায় চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার করে আসছেন। এই নির্বাচনের আগে ব্যাংক থেকে জোরপূর্বক ঋণ আদায়ের চেষ্টা এবং এর জের ধরে হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *