“হাত ধোয়ার নায়ক হোন”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫। পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দিতে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বুধবার (১৫ অক্টোবর) সকালে দিবসটি উদ্যাপন করা হয়।
দিবসটি উপলক্ষে সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাগণ এতে অংশ নেন। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসন প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালি শেষে সেখানে আয়োজিত হয় সংক্ষিপ্ত আলোচনাসভা ও হাত ধোয়ার প্রদর্শনী। প্রদর্শনীতে শিক্ষার্থীদের হাতে-কলমে সাবান দিয়ে সঠিকভাবে হাত ধোয়ার পদ্ধতি শেখানো হয়, যা তাদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান। তিনি পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরে বলেন- “পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। অনেক সময় অজান্তেই আমাদের হাত রোগজীবাণু ছড়ানোর মাধ্যম হয়ে ওঠে। তাই নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া সুস্থ জীবনের পূর্বশর্ত। আমরা চাই, আগামী প্রজন্ম সুস্থ, সচেতন ও নৈতিকভাবে শক্তিশালী নাগরিক হয়ে গড়ে উঠুক।”
তিনি আরও বলেন, “আমরা চাই আমাদের জাতি হোক আলোকিত ও দায়িত্বশীল। আগামী দিনের শিশুরাই হবে সেই উজ্জ্বল নক্ষত্র, যাদের অনুসরণ করবে পুরো সমাজ।”
প্রসঙ্গত, বিশ্বব্যাপী জনসচেতনতা তৈরির লক্ষ্যে ২০০৮ সাল থেকে প্রতিবছর ১৫ অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়ে আসছে। সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত বিশ্ব পানি সপ্তাহে “গ্লোবাল হ্যান্ডওয়াশিং পার্টনারশিপ (GHP)” এর উদ্যোগের পর জাতিসংঘের সাধারণ অধিবেশনে দিনটিকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করা হয়।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী তুহিন হাসান বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাশেদুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্রনাথ রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম ইসলাম এবং সহকারী প্রোগ্রামার (ব্যানবেইজ) শাহানুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।